ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।
সোমবার দুপুরের পর নিজে উপস্থিত হয়ে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। তাঁর বাবা ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ আল্লাহর অদ্ভুত পরিকল্পনায় ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে তাঁকে স্বতন্ত্রভাবে লড়াই করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পরে সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানতে চান, তাঁরা কোন প্রতীক চান। উত্তরে উপস্থিত অনুসারীরা ‘হাঁস’ প্রতীকের কথা বলেন।
সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে দেশের অবহেলিত এলাকা উল্লেখ করে রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন এই দুটি উপজেলার অবস্থা বেহাল রয়ে গেছে এবং কেন কোনো সংসদ সদস্য এই পরিস্থিতির পরিবর্তন আনতে পারেননি। তিনি বলেন, এখানকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এবার পরিবর্তনের সময় এসেছে। এই নির্বাচন হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে। টানা ১৭ বছর মাঠে থাকা একজন নারীর পক্ষে এবং মামলা–হামলার সময় যিনি সংসদের ভেতরে ও বাইরে মানুষের পক্ষে কথা বলেছেন, এই ভোট হবে তার পক্ষে।
এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। আজ মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খাঁ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেনসহ কয়েক শ অনুসারী।
রুমিন ফারহানার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে রয়েছেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন এবং সমর্থনকারী হিসেবে আছেন প্রচার সম্পাদক জোনায়েদ খান।
সোমবার বেলা দুইটার দিকে তিনি উপজেলা সদরে পৌঁছালে শত শত অনুসারী ও নেতা-কর্মী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তাঁকে স্বাগত জানান।
ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়েছে। এ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করা হয়েছে।
বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন নিয়ে গঠিত। রুমিন ফারহানার পৈত্রিক বাড়ি বুধন্তী ইউনিয়নে এবং তিনি বর্তমানে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।