ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
নাহিদ ইসলাম যে পোস্টটি শেয়ার করেন, সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। যারা এখনো নিজ নিজ ভোটকেন্দ্র পাহারা দিতে আসেননি, তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় ওই পোস্টে।
এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয়টি কেন্দ্রের ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে এবং এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে।
শাহিন আহমেদ আরও দাবি করেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল হওয়া ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করার জন্য মির্জা আব্বাস ও তার সমর্থকেরা চাপ সৃষ্টি করছেন।
তার ভাষ্য অনুযায়ী, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে ফলাফলের কাগজ হাতে পাওয়া গেলেও পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রগুলো থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং সংশ্লিষ্টদের জিম্মি করে রাখা হয়েছে। একই সঙ্গে পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোট গণনা শেষ হলেও ফল প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।