মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখনো একই এলাকায় রয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকার কাছাকাছি আরেকটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটিও আগামী দিনগুলোতে ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করায় দেশের আবহাওয়া শুষ্ক থাকছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
আবহাওয়াবিদরা বলছেন, দুটি লঘুচাপের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে কোনোটি যদি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসে, তবে ডিসেম্বরের শুরুতেই বৃষ্টি কিংবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
এ অবস্থায় উপকূলীয় এলাকার জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী পূর্বাভাসের জন্য সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।