মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের সোনার বাংলাদেশ বাস্তবায়িত হবে।”
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি ও সাদা দলের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।