মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে ঘিরে দায়ের করা রিট মামলায় হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া আদেশে আপিল বিভাগ হাইকোর্টের ১৪ জুন ২০২৬ তারিখের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট রুলটি দ্রুত শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টের উপযুক্ত বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আদেশে বলা হয়েছে, সম্ভব হলে বার্ষিক অবকাশের পর আদেশ পাওয়ার চার সপ্তাহের মধ্যে রুলটি নিষ্পত্তি করতে হবে।
মামলাটি হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৫০৯৯/২০২৬ থেকে উদ্ভূত। পরবর্তীতে বিষয়টি আপিল বিভাগে Civil Petition for Leave to Appeal No. 2080 of 2026 হিসেবে শুনানি হয়।
এদিকে, মোস্তাফিজুর রহমান সুমন বর্তমানে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন না। তিনি ইতোমধ্যে ওই পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
তবে আপিল বিভাগের এ আদেশের মাধ্যমে মূল রিট মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। হাইকোর্টে জারি করা রুলের শুনানি ও নিষ্পত্তির বিষয়টি এখনো বাকি রয়েছে। ফলে মামলার চূড়ান্ত ফলাফল জানতে হাইকোর্টের পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করতে হবে।
সদ্য সংবাদ/ এআর