বিএনপির প্রতিটি নেতাকর্মীর বিশ্বাস করে বাংলাদেশই প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। এজন্য বিএনপির লক্ষ্য জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করা।'
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, 'নির্বাচনী সময়ে এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললে জনগণ লাভ পায় না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করবো। এজন্য আমরা আমাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছি। '
তারেক রহমান বলেন, 'ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও আমরা দেখিনি কে কোন ধর্মের। এ দেশে হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে, ভবিষ্যতেও তা থাকবে।'
নারীদের ক্ষমতায়নের বিষয়েও তারেক রহমান গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, 'খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিএনপি নারীদের স্বাবলম্বী করতে চাই এবং প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। পাশাপাশি কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিয়ে সহজে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধের পরিকল্পনা রয়েছে।'
ঠাকুরগাঁওকে কৃষিনির্ভর এলাকা হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, 'কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি এখানে কৃষিনির্ভর শিল্প বিকাশ করবো, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। যুবকদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য ট্রেনিং দেওয়া হবে।'
তিনি আরো বলেন, 'বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের পুনর্গঠন করতে চায় এবং এ কাজে জনগণের সহযোগিতা অপরিহার্য।'