খবরে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাহ অঞ্চলে প্রবেশ করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ভূপাতিত করে। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে আল রিফা এলাকার একটি ফার্মে কর্মরত এক বাংলাদেশির ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, ড্রোনটি আল রিফা এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। পরে এর ধ্বংসাবশেষ ফার্ম এলাকায় পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
সংগঠনটি আরও জানায়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করলেও এর ধ্বংসাবশেষ থেকে এই প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে, দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন বলেও জানানো হয়েছে।