শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমীর।
ডা. শফিকুর রহমান বলেন, 'এখনো মায়েরা ঘরের ভেতরে নিরাপদ নন, ঘরের বাইরে চলাচলেও নিরাপদ নন, এমনকি কর্মস্থলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদাবাজি ও মামলাবাজির ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই বাংলাদেশ কি সবাই চেয়েছিল?'
তিনি আরও বলেন, 'রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কিংবা তাদের সন্তানরা আজও সমাজে উপস্থিত। আমি নিজেও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার যে ভাই জীবন দিয়েছেন, এমন বাংলাদেশের চিত্র দেখলে আমি বিশ্বাস করি, তিনি হয়তো মুক্তিযুদ্ধে অংশ নিতেন না।'
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার পেছনে অসৎ নেতৃত্বকে দায়ী করে জামায়াত আমীর বলেন, 'নির্বাচন এলে নেতারা পীর-দরবেশের মতো মানুষের কাছে আসেন, উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।'
ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ যাতে নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার অঙ্গীকার করেন ডা. শফিকুর রহমান।
জেলা জামায়াত আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান সিলেট জেলার চারটি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
সভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাগপা ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, জাকসু জিএস মাজহারুল ইসলাম, নেজামে ইসলাম সিলেট মহানগর আমির মাওলানা জোবায়ের রহমান খান, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।