জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় এবং সংশ্লিষ্ট ফেসবুক স্ট্যাটাস প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন জ্ঞানচর্চার প্রতিষ্ঠান হলেও প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা, সংযম ও দায়বদ্ধতা অধিক প্রত্যাশিত। বিশেষ করে উচ্চ প্রশাসনিক পদধারীদের বক্তব্য ব্যক্তিগত মত হিসেবে নয়, বরং প্রতিষ্ঠানের অবস্থান হিসেবে প্রতিফলিত হয়। তাই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও নিরপেক্ষতা রক্ষায় দায়িত্বশীল আচরণ জরুরি।
শিক্ষক ফোরাম দাবি করে, ঢাকা নির্বাচনের একটি ঘটনায় অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল। অথচ উপ-উপাচার্য (শিক্ষা) জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে অস্পষ্ট তথ্য ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের প্রতি পরোক্ষ মন্তব্য করেছেন, যা প্রশাসনিক শিষ্টাচার ও নৈতিক প্রত্যাশার পরিপন্থী। এ অবস্থায় তারা সংশ্লিষ্ট স্ট্যাটাস প্রত্যাহার এবং অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে দেওয়া বিবৃতি প্রত্যাহারের দাবি জানায়।
একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি জানায়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইনের আওতায় আনা উচিত। গণতান্ত্রিক পরিবেশে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।