তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা নামে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ২১ জানুয়ারি দুপুরে কলেজের শহীদ মামুন হলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিক সমর্থিত মোল্লা গ্রুপ এবং শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদার সমর্থিত জলতরঙ্গ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ছাত্রদলের একটি গ্রুপ কড়াইল বস্তি থেকে বহিরাগত লোকজন এনে হলে অবস্থানরত অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে অন্তত আটজন আহত হন এবং তাদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।