মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের কাছে প্রায় ১৯৬ কোটি মার্কিন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত এই অস্ত্রচুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নেবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে।
অনুমোদিত প্যাকেজের আওতায় সৌদি আরব সর্বোচ্চ ২০ হাজার অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) এবং সংশ্লিষ্ট ওয়ারহেড কিনতে পারবে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই অস্ত্রব্যবস্থা কম খরচে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং পার্শ্বক্ষতির ঝুঁকিও তুলনামূলক কম।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অস্ত্র সরবরাহের প্রধান ঠিকাদার হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় সৌদি আরবের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, আঞ্চলিক মিত্র ও ন্যাটোভুক্ত বাহিনীর সঙ্গে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতাও আরও উন্নত হবে।
এমন সময়ে এই অনুমোদন দেওয়া হলো, যখন সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি হুথিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা শহরের একটি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে ইয়েমেনের সানার বিমানবন্দরকে ঘিরেও নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল এবং দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা জোরদার হওয়ার পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এমন প্রেক্ষাপটে সৌদি আরবের জন্য এই নতুন অস্ত্র বিক্রির অনুমোদন আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই অস্ত্র বিক্রির ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।