বাগেরহাটে ৯ মাসের শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নাজিম হোসেন। তিনি ও তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের সন্তান ও স্ত্রী। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় স্বর্ণালী মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। স্বামীকে খুব ভালোবাসতেন তিনি এবং তাকে কারাগার থেকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। হতাশা থেকেই তিনি প্রথমে তার ৯ মাসের শিশুসন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
তারা আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জুয়েল হাসান সাদ্দামকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশুসন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।