জিয়ারত শেষে মাজারে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। বৃষ্টিকে উপেক্ষা করে তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরসঙ্গীদের মধ্যে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানও ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট সফরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল ১১টায় সুরমা নদীসংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। দিনশেষে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।