হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল।
এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাবিবুর রহমান প্রথমে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে যান। তবে প্রধান গেট বন্ধ থাকায় ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকেই নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে তাঁর গণসংযোগ কর্মসূচি শুরু হয়।
পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর এবং পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট ও সমর্থন চান।
হাবিবুর রহমান বলেন, 'গোপালগঞ্জ-৩ আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রখ্যাত আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরী শায়িত রয়েছেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচনী কার্যক্রম শুরু করেছি।'
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি জানান, একসময় তিনি ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অনেক আগেই দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। ডাকযোগে বিএনপির মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন এবং ৫ আগস্টের পর থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এলাকার মানুষের কল্যাণেই তিনি রাজনীতি করতে চান এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে জনগণের পাশে থাকতে চান।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।