রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন–এর সফর ঘিরে ‘সাধারণ ভোটার’-এর ব্যানারে হরতালের ডাক দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪-এর সাধারণ ভোটার’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।
বক্তারা অভিযোগ করেন, অবৈধভাবে জনগণের রায় ছিনতাই করে এমপি নির্বাচিত হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। তাদের দাবি, হারাগাছের মানুষ ক্ষোভে ফুঁসে উঠলেও এই সফর দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। এ কারণে আখতার হোসেনের সফরের প্রতিবাদে যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান তারা।
এদিকে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি–এর সদস্য সচিব আখতার হোসেনের।
এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, এমপির সফরকে কেন্দ্র করে যেন কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ওই আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। পাশাপাশি তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন।