সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. খোকন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকার শেষ প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার দিন আগে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
সিরাজগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/ এআর