‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬ ২১:৩৯:২৪

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি সাঁতারে দক্ষ ছিলেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের বিশেষ কোর্স সম্পন্ন করে সনদও অর্জন করেছিলেন তিনি। এ কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে ছোট ভাই দীপের দেওয়া ‘ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দেওয়ার’ তথ্য মানতে পারছেন না তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। তাঁর দাবি, ঘটনার প্রকৃত বিষয় আড়াল করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইকে দীপের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে এসব কথা বলেন তাহসিফের বাবা।

তিনি বলেন, ‘না না, এ ধরনের কিছু হতে পারে না। কেন তাকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানত। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।’

ঘটনা আড়াল করা কিংবা কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে তো এটাই মনে হয়। তো আর ওকে ধাওয়া দেবে কেন লোকজন, কেন তাকে কেউ ধাওয়া দেবে? ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে।’

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে ছোট ভাই দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন। সেই দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থলে) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর আমি পালিয়ে আসি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে আপাতত সেসব তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এদিকে তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে মাজার বস্তি এলাকায় নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এক বার্তায় জানান, নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, ‘দীপের দেখানো মতে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নম্বর প্লেট না থাকায় এর মালিকানা যাচাই করা হচ্ছে। তাহসিফ বাসা থেকে যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন, সেটিও নম্বর প্লেটবিহীন বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।’

উল্লেখ্য, বুধবার বিকেলে উত্তরখান থানার অধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে টঙ্গী পশ্চিম থানার অধীন মাজার বস্তি এলাকা থেকে। দুটি স্থানের সঙ্গেই তুরাগ নদের সংযোগ রয়েছে।

তাহসিফের বাবা এনায়েতুল করিমের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ভাই দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে একটি বার্তা পাঠিয়ে তিনি জানান, বাসায় ফিরছেন।

তবে ওই বার্তায় তাহসিফকে ব্যস্ত মনে হয়েছিল বলে জানান তাঁর বাবা। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, বার্তা পাওয়ার পর থেকে তাহসিফের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ছাড়া শুরু থেকেই ছেলেকে হত্যার অভিযোগ করে আসছেন এনায়েতুল করিম। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপও কামনা করেছেন তিনি।

পিবিআই মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান বলেন, ‘আমরা দীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখছি। তারা কেন সেখানে গিয়েছিলেন; তাকে কেউ হত্যা করেছে নাকি দুর্ঘটনা নাকি আত্মহত্যা—এসব প্রশ্নের উত্তর আমরা খোঁজছি। এখন পর্যন্ত যেসব উত্তর পাওয়া গেছে, সেগুলো যাচাই করা প্রয়োজন। আপাতত আমরা তদন্ত করছি, রহস্য উদ্‌ঘাটন হলে পরে জানানো হবে।’

সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’