গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় র্যাবের বিশেষ অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১, গাজীপুর সূত্রে জানা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা-ডাইনকিনি সড়কের নাগড়ারডাল এলাকায় শাহা প্লাজার সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে ১০৭ বোতলে মোট ৮০.২৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপ চালক আশরাফুল আলম (২২) এবং তার সহযোগী শামীম মিয়া (২৪)-কে গ্রেফতার করা হয়। তারা দুজনই ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
অভিযানে উদ্ধারকৃত মদের পাশাপাশি দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।