ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত লিয়নকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর শহরের মধ্যবাজার মোড় থেকে পুলিশের একটি দল তাকে আটক করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত লিয়ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের ছেলে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়া এলাকায় পুলিশের তল্লাশি চলাকালে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন লিয়ন। পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি পেছন থেকে ধারালো দা দিয়ে পুলিশ কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আহত ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় লিয়নের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
ওসি ফেরদৌস আলম বলেন, মূল আসামিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত ও মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: আজকের পত্রিকা