জুলাইয়ের আন্দোলনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁন বলেন, জুলাইয়ে শহীদ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো তাদের দায়িত্ব। তার দাবি, জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যেই সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিষয়টি এক ধরনের আড়ালে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে বিএনপির সংগ্রাম ছিল গুরুত্বপূর্ণ। তবে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সেই ভূমিকা যথাযথভাবে তুলে ধরতে আগ্রহ দেখায়নি।
রাশেদ খাঁন বলেন, জুলাইয়ে বিএনপির প্রকাশ্য ও নেপথ্যের ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব তাদের রয়েছে। পাশাপাশি আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া, তাদের কবর জিয়ারতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এসব কাজে জেলা বিএনপি তাকে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান তিনি।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নির্বাচনের প্রস্তুতি বিএনপির সব সময়ই থাকে। বড় রাজনৈতিক দল হিসেবে স্থানীয় ও জাতীয়—দুই ধরনের নির্বাচনেই দলের একাধিক সম্ভাব্য প্রার্থী থাকেন।
তিনি বলেন, সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের এলাকায় প্রচারণা শুরু করেছেন। তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন।
রাশেদ খাঁন আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে ইতোমধ্যে পরিষ্কার অবস্থান জানানো হয়েছে। একই আসনে একাধিক প্রার্থী হওয়ার সুযোগ নেই। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও বিএনপির প্রস্তুতি রয়েছে।
সদ্য সংবাদ/ এআর