ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের দলের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
জসিম উদ্দিন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। মঙ্গলবার (৬ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে তার সদস্য পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত বক্তব্য দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অথবা তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
তবে জসিম উদ্দিনের বিরুদ্ধে ঠিক কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে, তা নোটিশে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জয় পান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থনে এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছিলেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।
সদ্য সংবাদ/ এআর