সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর রাজধানী ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ঘোষণা অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ার দিকে যাবে এই কর্মসূচির বহর।
লংমার্চের পথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর ও ঝিনাইদহে পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরপর কর্মসূচি কুষ্টিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে সাড়া না দিয়ে ঐক্যবদ্ধভাবে লংমার্চ সফল করতে হবে।
দেশে জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসসহ বিভিন্ন জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং অনেকের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতাদের ওপর হামলার অভিযোগও তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি দাবি করেন, বিরোধী দলের নেতাদের প্রতি রাজনৈতিক আক্রোশের কারণে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার।
সাত দফা দাবিকে সামনে রেখে ঘোষিত এই লংমার্চকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
সদ্য সংবাদ/এসএস