একসঙ্গে ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত সচল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এর পর থেকেই ৩০টির বেশি ব্যাংকের বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা যত দ্রুত সম্ভব পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রতিষ্ঠানের লেনদেন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিচালিত BACPS, BEFTN ও RTGS-সহ দেশের অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।
এ অবস্থায় গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সদ্য সংবাদ/ এআর