শহিদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
রাশেদ খান বলেন, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করছে, অন্যদিকে একই মামলায় আসামিদের পক্ষে শিশির মনিরের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকে তারা মেনে নিচ্ছে। তার ভাষায়, একইসঙ্গে দুই ধরনের অবস্থান নেওয়া রাজনৈতিক দ্বিচারিতার প্রকাশ।
তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মাঠে নেমেছিল। শিবিরের পাশাপাশি এনসিপিও এ নিয়ে কর্মসূচি পালন করেছে। তবে হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খান আরও দাবি করেন, শিশির মনির জামায়াতের সঙ্গে সম্পৃক্ত এবং তিনি দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থীও ছিলেন। এ কারণে আবরার হত্যা নিয়ে জামায়াতের অবস্থান এবং শিশির মনিরের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের মধ্যে সামঞ্জস্য নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আওয়ামী লীগ প্রসঙ্গেও বক্তব্য দেন রাশেদ খান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং ভবিষ্যতের কোনো ডিসেম্বরেই তার ফিরে আসার সম্ভাবনা নেই। একইসঙ্গে আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস