হাতকড়া পরিয়ে প্রিজনভ্যান থেকে নামানোর সময় মাথার হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি আওয়ামী লীগ না’।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করার সময় এ ঘটনা ঘটে।
বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।
আদালত চত্বরে আনার পর কড়া নিরাপত্তার মধ্যে তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। তবে নামার আগেই ভ্যানের দরজায় দাঁড়িয়ে মাথার হেলমেট খুলে ছুড়ে ফেলেন তিনি। এ সময় হেলমেট না পরার কথা জানিয়ে পুলিশের উদ্দেশে বিভিন্ন মন্তব্যও করেন।
আখতারুজ্জামানকে বলতে শোনা যায়, প্রয়োজন হলে এখানেই মৃত্যু হবে, পুলিশের গুলি খাবেন; তবুও হেলমেট পরবেন না। একই সময় তিনি বারবার হাতকড়া পরানোর কথাও বলেন।
এদিকে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।
মামলার পর শুক্রবার বিকেলে ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। ডিবি জানিয়েছে, মামলার অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে ওই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে আখতারুজ্জামানের তর্ক-বিতর্ক ও হুমকির ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও আনা হয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে