জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে বিশ্বের শান্তিকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিশ্বে পরিবর্তনের হাতিয়ার হিসেবে অস্ত্রের পরিবর্তে যুক্তি, আলোচনা, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে গুরুত্ব দিতে হবে। তারেক রহমানের জাতিসংঘের ভাষণেও শান্তি ও মানবতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান এবং রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার বিষয়টিও তিনি তুলে ধরেছেন।
রিজভীর ভাষ্য, জাতিসংঘের মঞ্চে তারেক রহমান তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার ধারাবাহিকতায় বক্তব্য দিয়েছেন। এর আগে জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং খালেদা জিয়া ১৯৯২ সালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন- এমন কথা উল্লেখ করেন তিনি।
বিশ্বের চলমান পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। যুদ্ধের প্রভাব হিসেবে খাদ্য, জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি শিল্পকারখানায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
রিজভী দাবি করেন, বিএনপি কোনো অনির্বাচিত বা মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি; জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বিএনপি সরকার মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে।
সমাবেশে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল মাঠে থাকার কথাও জানান রিজভী।
সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে