ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই ঘটনায় বাঁধনের সঙ্গে থাকা নারী ও শিশুকেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে এনসিপি নেতারা অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কিছু নেতাকর্মী বিদেশে অবস্থান করে রাজনৈতিক সহিংসতা চালানোর চেষ্টা করছে। তাদের দাবি, ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনাও এরই একটি উদাহরণ।
এনসিপির ভাষ্য, বাঁধন একজন পরিচিত সাংস্কৃতিক কর্মী এবং জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ওপর হামলার ঘটনা বিদেশের মাটিতেও রাজনৈতিক সহিংসতার বিস্তারের বিষয়টি সামনে এনেছে বলে মনে করছে দলটি।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ভেনিসে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি বাঁধন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেছে এনসিপি।
দলটি আরও দাবি করেছে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উসকানি ও মদদেই এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এনসিপি নেতারা বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলনের সুযোগ নেই। বিদেশের মাটিতেও যদি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি বা সাধারণ বাংলাদেশিরা হামলার শিকার হন, তাহলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা প্রয়োজন।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
এ ছাড়া বিদেশে অবস্থানরত জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রবাসী কর্মী ও সাধারণ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে এনসিপি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভেনিসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া না হলে দলটি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে সোচ্চার থাকবে।
উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ইতালির মেস্ত্রে শহরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ওপর হামলা ও হেনস্তার অভিযোগ করেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
সদ্য সংবাদ/এসকে