কক্সবাজারে বার্ষিক ভ্রমণে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনার কবলে পড়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে বরিশাল থেকে তারা যাত্রা শুরু করেন। এর মধ্যে একটি বাস জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়কের পাশের খাদে গিয়ে পড়ে।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি খাদে পড়ে গেলে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত ৯ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন এবং তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশের খাদ থেকে উদ্ধারের কার্যক্রমও শুরু করে পুলিশ।
সদ্য সংবাদ/এসকে