জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনোভাবেই জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হিসেবে রাজনীতি করবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে বিএনপির পরামর্শ অনুযায়ী দলের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস।
তিনি বলেন, এনসিপির কর্মসূচি কী হবে, তা দল নিজেই সিদ্ধান্ত নেবে। অন্য কোনো রাজনৈতিক দলের নির্দেশনা বা পরামর্শের ভিত্তিতে কর্মসূচি নির্ধারণের প্রয়োজন নেই। বিএনপি যেন এনসিপিকে জাতীয় পার্টির মতো কোনো ‘পোষা বিরোধী দল’ হিসেবে দেখতে না চায় এমন বার্তাও দেন তিনি।
সম্প্রতি এনসিপির কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে ‘লংমার্চ’ না বলে ‘রোডমার্চ’ বা ‘লং ড্রাইভ’ বলার সমালোচনার প্রসঙ্গও তুলে ধরেন সারজিস। তিনি বলেন, কর্মসূচির নাম নিয়ে বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই। অতীতে বিএনপি যে কর্মসূচিকে লংমার্চ হিসেবে অভিহিত করেছে, একই ধরনের কর্মসূচিকে এনসিপির ক্ষেত্রে ভিন্ন নামে ব্যাখ্যা করা যুক্তিসংগত নয়।
বিএনপির অতীতের আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, বিএনপির ‘মার্চ টু ডেমোক্রেসি’ কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। তার ভাষ্য, সে সময় একটি বালুর ট্রাক দিয়েই কর্মসূচি আটকে দেওয়া হয়েছিল এবং বিরোধী দল হিসেবে বিএনপি তা মোকাবিলা করতে পারেনি।
সারজিস বলেন, অতীতে যারা বিরোধী দল হিসেবে নিজেদের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি, তাদের কাছ থেকে এনসিপিকে বিরোধী দলের কার্যক্রম পরিচালনার পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, এনসিপি নিজেদের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি নিজেরাই নির্ধারণ করবে। দলের ভবিষ্যৎ কার্যক্রম কী হবে, সেটিও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে ঠিক করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস