রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের ঘটনায় মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে বহরের মধ্যে ঢুকে পড়েন মুবিন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে সামনে আসে।
ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে নিরাপত্তা বলয় পার হয়ে গাড়িবহরের কাছাকাছি চলে যান তিনি। একপর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাযুক্ত গাড়ির পাশের জানালার কাছে পৌঁছে চলন্ত মোটরসাইকেল থেকেই হাত তুলে সালাম করেন ওই যুবক।
ঘটনার পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের প্রাথমিক তল্লাশিতে মুবিনের কাছ থেকে সন্দেহজনক কোনো বস্তু উদ্ধারের তথ্য পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে তার প্রবেশের বিষয়টি নিয়ে তার কর্মকাণ্ডকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে জিজ্ঞাসাবাদ করা হয়।
মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত ইউনুস মাঝি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জীবিকার জন্য মুবিন ঢাকায় রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে মুবিনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এসব বিষয়সহ গাড়িবহরে তার প্রবেশের উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর সোমবার আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সদ্য সংবাদ/এসএস