শরীয়তপুরের গোসাইরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশিকুর রহমান জয় (৩১) নামে সংগঠনটির এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জয় গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বিকেলে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
ঘটনার প্রায় এক মাস পর, গত ১৯ জুলাই পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলায় প্রথমে একাধিক ব্যক্তিকে এজাহারভুক্ত আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলা দায়েরের পর অভিযুক্তদের ধরতে গোসাইরহাট থানা পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে আশিকুর রহমান জয়কে গ্রেপ্তার করা হয়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় অভিযান চালিয়ে আশিকুর রহমান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মামলার এজাহারে নাম থাকা ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সদ্য সংবাদ/এসএস