ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধে সাড়া না মিললে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তান সফরকালে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ অবস্থানের কথা তুলে ধরেন। এ বিষয়ে বিবিসি উর্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত গ্রহণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ বিবেচনা করবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তবে তার দেশে ফেরার ঘোষণা বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। স্পিকারের ভাষ্য, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা মূলত তার সমর্থকদের মনোবল ধরে রাখার চেষ্টা করছেন।
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা যখন চলছে, ঠিক সেই সময় ঢাকায় তার বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার কারণে ভারতও এখন নানা চ্যালেঞ্জ ও জটিলতার মুখে পড়ছে। শেখ হাসিনার বক্তব্য ও কর্মকাণ্ড ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।
সদ্য সংবাদ/এজে