রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে সহকর্মীর হামলায় মো. ইসমাইল (১৫) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পারভেজ (২২) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িঘাটের হাতিমারারমুখ-কাঁঠালবাগান এলাকায় হ্রদের তীরে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য বলছে, মাছ শিকার শেষে নৌকা নিয়ে তীরে ফেরেন কয়েকজন জেলে। পরে রাতের খাবারের প্রস্তুতি চলার সময় হঠাৎ সহকর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান পারভেজ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইসমাইল। আহত হন নূর মোহাম্মদ ও সুনীল দাস।
নিহত ইসমাইল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দিঘিরপাড়া এলাকার নুরু আলমের ছেলে। অভিযুক্ত পারভেজও একই উপজেলার বাসিন্দা।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সুনীল দাসের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এজে