সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নারীদের সঙ্গে পরিচিত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক তৈরির তথ্য পাওয়া গেছে। তাঁদের কয়েকজনকে বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগও তদন্ত করছে পুলিশ।
চেন ইয়ং গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর কয়েকজন নারী মানিকগঞ্জ সদর থানায় গিয়ে তাঁকে নিজেদের স্বামী বলে দাবি করেন। তাঁদের মধ্যে সাভার থেকে আসা এক নারীও রয়েছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে যোগাযোগ শুরু করতেন চেন ইয়ং। পরে ঘনিষ্ঠতা বাড়িয়ে বিয়ের আশ্বাস দিতেন। বিশ্বাস অর্জনের জন্য বিয়ের নকল স্ট্যাম্প পেপার তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপর নারীদের ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় নিয়ে যাওয়ার তথ্য পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারের পর জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে এসব বিষয় সামনে আসে। মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অন্তত ১৫ নারীর সঙ্গে একই ধরনের যোগাযোগ ও সম্পর্কের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে কারও সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল কি না এবং অন্য কোনো নারী নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, ব্যবসায়িক যোগাযোগের কথা বলে বাংলাদেশে এসেছিলেন চেন ইয়ং। তাঁর দাবি, চীনে একটি ছোট অটোগ্যারেজ রয়েছে এবং সেখানে তিনি চালকের কাজ করতেন। গত ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন তিনি। তাঁর আর্থিক লেনদেন এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
চেন ইয়ংয়ের বিরুদ্ধে অভিযোগের সূত্রপাত মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ঘটনা থেকে। টিকটকে পরিচয়ের পর বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় মেয়েটি। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী বড় বোনকে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বিয়ের কথা বলে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়া হয়। পরে ঢাকার একটি বাসায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
পরে বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি চীনা পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলুস খান পাঠান জানান, বুধবার (২৫ নভেম্বর) আদালতের মাধ্যমে চেন ইয়ংকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এজে