দেশের ছয় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জে। পরিস্থিতি বিবেচনায় সেখানে অতিরিক্ত চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
এদিকে মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে বিশেষ মনিটরিং কার্যক্রম। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্তের স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কর্মকাণ্ড সচল রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে