সংসদ সদস্য আমির হামজা বললেন, প্রধানমন্ত্রীকে সব বলে দিব

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ০১:৩৬:২০
ছবি: সংগৃহীত

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীর কাছে সব অভিযোগ তুলে ধরবেন বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা।

জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় তিনি বলেন, ‘হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। প্রধানমন্ত্রী এলে আমি যাব। তাঁর সামনে বিএনপি নেতাদের নাম ধরে বলব, এই কাজগুলো তাঁরা ঘটিয়েছেন।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বুধবার রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।

শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক সড়ক দিয়ে চলাচল করায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন। এ ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে ছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা করা হবে বলেও জানান শাজাহান আলী।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলতেন, এরপর ৫০ হাজার, এখন প্রতিদিন এক লাখ করে নেন (বালুঘাটে চাঁদাবাজি)। জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি প্রকাশ্যে বলছি, শুধু কুষ্টিয়ায় নয়, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখবেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, চাঁদাবাজি করে না, মানুষকে ঠকায় না। এত দিন আন্দাজে নানা বয়ান তৈরি করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু তাতে সফল হওয়া যাচ্ছে না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমির হামজা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও ঠিক নেই। গত ৫৫ বছরের মধ্যে পরিস্থিতি তলানিতে পৌঁছেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, এরা সবাই ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। তাদের জেলা থেকে সরিয়ে নেওয়া হোক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাঁকে সব বলব।’

কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘কুষ্টিয়ার কোনো জায়গাই নিরাপদ নয়। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য কাজ করতে গেছি, এতে আমার কী লাভ? আমি তো ওই জায়গা থেকে চার আনাও খাই না। অথচ আন্দাজে একটা দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে মানুষের বাড়িঘর, জানমাল ও ইজ্জত কোনো কিছুই নিরাপদ থাকবে না।’

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় আসবেন। দলমতনির্বিশেষে তিনি সবার প্রধানমন্ত্রী। কুষ্টিয়াজুড়ে তাঁর সফর ঘিরে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাঁর উদ্বোধনের জন্য নির্ধারিত স্থাপনাগুলোর প্রস্তুতি চলছে। আমরা তাঁকে স্বাগত জানাই। তিনি আমাদের কুষ্টিয়ায় আসছেন, আলহামদুলিল্লাহ।’​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী