সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে রুমি বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সোচ্চার রয়েছে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখব।’
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/ এরআর