গোপালগঞ্জের কয়েকজনের অপরাধের দায় পুরো জেলার মানুষের ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তার মতে, কোনো এলাকার কিছু ব্যক্তির অপরাধের কারণে সেখানকার সব বাসিন্দাকে শাস্তির আওতায় আনার চিন্তা অমানবিক এবং বিপজ্জনক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে গোপালগঞ্জের নাগরিকদের জন্য বন্ধ থাকা সব ধরনের নাগরিক সুবিধা দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, গোপালগঞ্জে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাও জরুরি। তবে ব্যক্তির অপরাধের জন্য পুরো জেলার মানুষকে দায়ী করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে শেখ হাসিনার শাসনামলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সম্মিলিত শাস্তির শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একই ধরনের বৈষম্যমূলক বা প্রতিশোধমূলক অবস্থান যেন আর তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাবেক এই আইন উপদেষ্টার ভাষ্য, অপরাধ দমনে রাষ্ট্রকে অবশ্যই কঠোর হতে হবে, তবে সেই পদক্ষেপ হতে হবে আইনের ভিত্তিতে এবং নির্দিষ্ট অপরাধীদের বিরুদ্ধে। কোনো অবস্থাতেই একটি জেলার সাধারণ মানুষকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়ার মানসিকতা গ্রহণ করা উচিত নয়।
সদ্য সংবাদ/এজে