চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুব আলম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তি শিশুটির প্রতিবেশী বলে জানা গেছে। সে কাঠগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে রাস্তার পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান অভিযুক্ত। সেখানে তার সঙ্গে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিশুটির মা।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। রাতে পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে মায়ের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কান্নাকাটি করে ঘটনার কথা জানায়। পরে বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানানো হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করেন।
শিশুটির মায়ের আরও অভিযোগ, ঘটনার কথা প্রকাশ না করতে পরদিন সকালে তাকে ও তার মেয়েকে হুমকি দেন অভিযুক্ত। তার দাবি, এর আগেও একাধিকবার শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পেটব্যথার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এজে