ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা আগামী এক দশকেও দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার দাবি, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখার কৌশল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি উর্দু।
স্পিকার বলেন, নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার বাস্তব কোনো সম্ভাবনা নেই। তার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখার প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান হলো, তাকে ফিরতে হলে যথাযথ আইনি ও প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ভারত বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ নিয়ে ঢাকা-নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এজে