শরীয়তপুরের ভেদরগঞ্জে শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে আয়োজন করা হয়েছে বৃত্তি পরীক্ষা। শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দশম আসরের এ পরীক্ষায় উপজেলার প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।
পরীক্ষাকে ঘিরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই নিয়মিত এ আয়োজন করে আসছে সংগঠনটি।
আয়োজকরা জানান, বৃত্তি পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি পড়াশোনায় উৎসাহ জোগাতেই এ পরীক্ষার আয়োজন। শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এবারের আয়োজন সফল হয়েছে।
সাধারণ সম্পাদক তাহের আলী জানান, শিক্ষা কার্যক্রমের বাইরেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে সংগঠনটি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, তাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা ও শৃঙ্খলার চর্চা জরুরি।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শাহিন আসামি, সাবেক সভাপতি জামাল খান, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষক ও অতিথিরা বলেন, প্রত্যন্ত অঞ্চলে এত বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে। পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন ও শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তার ও মানবিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী দিনেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা।
সদ্য সংবাদ/এজে