কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে আবারও জামায়াতে ইসলামীর প্রার্থী হতে যাচ্ছেন কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান। দলটির পক্ষ থেকে তাকে সামনে রেখেই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
একই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, জিহাদ খানকেই প্রার্থী হিসেবে বিবেচনা করে দলীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জিহাদ খান এর আগেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুকের কাছে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ২ হাজার ৪৭৬।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জিহাদ খান দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৮ সালে তিনি সংগঠনটির রোকন সদস্য হন। তিনি জামায়াতের সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক।
রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায়ও যুক্ত রয়েছেন জিহাদ খান। তিনি একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ এবং বর্তমানে ইবনে সিনা হাসপাতালে কর্মরত। এর আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপনির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রার্থী হিসেবে জিহাদ খানের নাম সামনে আসায় আসনটিতে দলটির নির্বাচনী তৎপরতা নতুন করে শুরু হয়েছে।
সদ্য সংবাদ/এজে