রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। ডিবি সূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর আলোচনায় আসেন তাঁর মেয়ে ডরিন। ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনার নিখোঁজ হওয়ার পর বাবার সন্ধান এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি।
ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় তিনি বসবাস করতেন।
তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময়ও নিশ্চিত করতে পারেনি ডিবি সূত্র। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এজে