নারীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বাস কেনার পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যয় করা হবে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নে গত ২৯ অক্টোবর অর্থ বিভাগ ৪০০ কোটি টাকা বরাদ্দ দেয়। পরবর্তী সময়ে বরাদ্দের অর্থ বিআরটিসির পাবলিক লেজার (পিএল) হিসাবে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থাটির চেয়ারম্যানকে নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
বিআরটিসি চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। আগামী ১৮ নভেম্বর সরবরাহকারীদের কাছে দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর চূড়ান্ত ক্রয়াদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই বাসগুলো বিআরটিসির বহরে যুক্ত করা সম্ভব হবে।
সরাসরি ক্রয় পদ্ধতিতে আসছে বাস
প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাসগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাস সরবরাহের বিষয়ে চীনের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রগতি ইন্ডাস্ট্রিজের আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তাও চীন থেকে বাস কেনার বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ৬ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিআরটিসির জন্য ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং চার্জিং স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়। দুই পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি টাকা। এর প্রথম ধাপেই নারীদের জন্য ১০০টি বাস কেনার বিপরীতে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পিংক বাসের যাত্রী বাড়াতে নতুন পরিকল্পনা
নারীদের জন্য বিশেষ গণপরিবহন চালুর প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। সরকার গঠনের পর গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মো. শামসুল হকের সঙ্গে বৈঠকে রাজধানীতে নারীদের জন্য বৈদ্যুতিক বাসসেবা চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এরপর গত ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে পরীক্ষামূলকভাবে ‘মহিলা বাস সার্ভিস’ বা পিংক বাস চালু করা হয়। নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
তবে চালুর পর থেকেই যাত্রীসংখ্যা নিয়ে সমস্যায় পড়েছে এ সেবা। বিআরটিসি সূত্র বলছে, অধিকাংশ ক্ষেত্রে সকালে ও বিকেলে একটি করে ট্রিপ পরিচালনা করা হলেও আসন পূর্ণ হচ্ছে না। অতিরিক্ত ট্রিপ চালানো হলে কোনো কোনো ক্ষেত্রে যাত্রীর সংখ্যা সাত থেকে আটজনের বেশি হয় না।
বিআরটিসি চেয়ারম্যানের ভাষ্য, অনেক নারী যাত্রী সন্তান কিংবা পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে চলাচল করেন। কিন্তু শুধু নারীদের জন্য নির্ধারিত বাসে তাঁদের পুরুষ সহযাত্রীরা উঠতে না পারায় যাত্রীসংখ্যা কম থাকছে।
এ সমস্যা সমাধানে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের পিংক বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি। পাশাপাশি বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার বিষয়েও বিভিন্ন পক্ষের প্রস্তাব এসেছে। এসব বিষয়ে জনমত জানতে সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা করছে সংস্থাটি।
নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর বাইরে অন্যান্য বিভাগেও নারীদের বিশেষ বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিআরটিসির। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, আর্থিক লাভ-ক্ষতির হিসাবের চেয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নারীদের জন্য বিশেষ পরিবহনসেবা চালু ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য।
সদ্য সংবাদ/এজে