দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মীদের মধ্যে ৮০ শতাংশই নারী থাকবেন। তাঁদের মাধ্যমে মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসচেতনতা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের বিপুলসংখ্যক নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকই সচেতনতা ও প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।
তিনি জানান, এই বাস্তবতা পরিবর্তনে সরকার এখন রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। নতুন নিয়োগ পাওয়া এক লাখ স্বাস্থ্যকর্মী স্থানীয় পর্যায়ে মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তা ও প্রতিরোধের উপায় পৌঁছে দিতে কাজ করবেন। তাঁদের ৮০ শতাংশ নারী হওয়ায় নারীদের স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
স্বাস্থ্যসেবায় গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের কাছে পৌঁছাতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। আইদেশি গত ১২ বছর ধরে এ লক্ষ্যেই কাজ করে আসছে।
অনুষ্ঠানে তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, গবেষণার ফল পেতে সময় লাগায় অনেকের মধ্যে হতাশা তৈরি হতে পারে। তবে তাঁদের মনে রাখতে হবে, এই কাজের সুফল অসংখ্য মানুষের সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের কাজের প্রশংসা করেন তিনি।
সদ্য সংবাদ/এজে