নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লায় তার মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে গিয়ে তার সন্ধান পাননি পুলিশ সদস্যরা।
কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি হায়েস মাইক্রোবাসে করে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে যান। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। আনসার সদস্যরা জানান, কারখানার শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা আগেই ছুটি নিয়ে চলে গেছেন। ভেতরে তখন আর কেউ ছিলেন না। কিছুক্ষণ অপেক্ষার পর অভিযান পরিচালনাকারীরা সেখান থেকে চলে যান।
শুক্রবার বিষয়টি জানাজানি হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেলিম ওসমান ফতুল্লায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে মাঝেমধ্যে আসেন—এমন তথ্য কয়েক দিন ধরে পুলিশের কাছে ছিল। বৃহস্পতিবার তিনি সেখানে অবস্থান করছেন বলে খবর পেয়ে ডিবির একটি দল অভিযান চালায়। তবে তাকে পাওয়া যায়নি।
হাসিনুজ্জামান আরও জানান, জুলাই হত্যাকাণ্ডসহ বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তার অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের অন্য সদস্যদের মতো সেলিম ওসমানও আত্মগোপনে চলে যান। তার অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা থাকলেও তিনি দেশেই আছেন বলে দাবি করেছেন অনেকে। সম্প্রতি তাকে ফতুল্লায় নিজের কারখানায় আসতে দেখা যায় বলে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়।
চলতি মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনার সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন দাবি করেন, সেলিম ওসমান ফতুল্লায় কারখানা পরিচালনা করছেন এবং সেখানে গিয়ে তদারকিও করেন।
সদ্য সংবাদ/এজে