জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে তারযুক্ত লাল প্লাস্টিকে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পথচারীদের নজরে আসার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা নেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় ওভারপাস দিয়ে যাতায়াতের সময় কয়েকজন ব্যক্তি বস্তুটি পড়ে থাকতে দেখেন। লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটির দুই পাশে তার লাগানো থাকায় সেটিকে বোমাসদৃশ মনে হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে অবস্থান করছেন তারা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ওভারপাসে সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
সদ্য সংবাদ/এসএস