ফেনীর দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙন সমস্যা মোকাবিলায় বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরামের খেয়াঘাট এলাকায় মুহুরী নদীর তীরে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পটি ফেনীর নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।
প্রকল্পের অধীনে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী এবং সংশ্লিষ্ট জলাধার পুনঃখননের পাশাপাশি পুরোনো বাঁধ সংস্কার ও পুনর্বাসনের কাজ হবে। একই সঙ্গে নদীতীর রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেচ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে। পাশাপাশি প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন এবং প্রয়োজনীয় নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামো সংস্কার করা হবে।
প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির পানিতে মুহুরী নদীর বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে নদীসংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষের বসতবাড়ি, কৃষিজমি, সড়ক ও অন্যান্য স্থাপনা ক্ষতির মুখে পড়ে। নতুন প্রকল্পের মাধ্যমে এসব ঝুঁকি কমানোর পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব তৈরির প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে দুপুরে সড়কপথে পরশুরামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে কঠোর নিরাপত্তার মধ্যে মুহুরী নদীর তীরে নির্ধারিত স্থানে গিয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১৬ জুন একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদী অববাহিকার বন্যা ও ভাঙনজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে এলাকার মানুষের জীবনযাত্রায় স্থিতিশীলতা আনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সদ্য সংবাদ/এসএস