ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় ফিরে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। তাঁদের লিখিত অভিযোগের পর দায়িত্বে অবহেলার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ওমরাহ যাত্রীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে অবতরণের পর প্রায় তিন ঘণ্টা পার হলেও অধিকাংশ যাত্রী তাঁদের ট্যাগযুক্ত লাগেজ হাতে পাননি। ভুক্তভোগীদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও ছিলেন।
লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষার পর বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দেন জামায়াতে ইসলামীর চার এমপি। অভিযোগে যাত্রীদের হয়রানি, লাগেজ যথাযথভাবে হস্তান্তর না করা এবং দায়িত্ব পালনে অবহেলার বিষয়গুলো তুলে ধরা হয়।
অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।
লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর