জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার লক্ষ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত না করে কোনো রাষ্ট্র টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। দেশের প্রতিটি মানুষ যেন ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত বা অন্য কোনো পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। সবার জন্য সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান।
বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে তরুণরা বাধাহীনভাবে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে। নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে এবং শিশুরা নিরাপদ পরিবেশে নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারবে।
তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের মূল দর্শন হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’।
দেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বিদায়ী সভাপতি এনালেনা বেয়ারবকের দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস